মোতাহার হোসেন::: ২৭০ দুঃস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান#
নিজস্ব সংবাদদাতা, ফরাক্কা: লকডাউনের ফলে অসহায় মানুষদের সাহায্য করতে এগিয়ে এল বিভিন্ন পেশায় নিয়োজিত ফরাক্কা থানার অর্জুনপুর হাইস্কুলের শতাধিক প্রাক্তন ছাত্র-ছাত্রী। তাঁদের উদ্যোগে রবিবার ও সোমবার অর্জুনপুর, নয়নসুখ ও মহাদেবনগর পঞ্চায়েতের অধীন ১৩ টি গ্রামের ২৭০ টি দুঃস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হল নগদ অর্থ। পরিবারপিছু চারশো টাকা খামে ভরে দুঃস্থ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয়।
লকডাউনে কর্মহীন অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাতে সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ল্যাবরেটরিতে কর্মরত অর্জুনপুর হাইস্কুলের প্রাক্তনী মহম্মদ জুয়েল বিশ্বাস গত ১২ এপ্রিল একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলেন। গ্রুপের নাম 'অর্জুনপুর হাইস্কুল অ্যালামনি অ্যাসোসিয়েশন।' বিভিন্ন পেশায় কর্মরত অর্জুনপুর হাইস্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ওই গ্রুপে যুক্ত করে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আর্জি জানানো হয়।সেই আর্জিতে সাড়া দিয়ে একে একে এগিয়ে আসেন তারিফ হোসেন, মোতাহার হোসেন, ফারুক আবদুল্লাহ, জামিরুল ইসলাম, আব্দুল মালেক, সহিদুল আলম,সালেকুর রহমান,রতন সাহা, সফিকুল ইসলাম, তারিকুল ইসলাম, জ্যোতির্ময় সরকার, নাবিরুদ্দিন সেখ,ওয়াসেফ আলি,আশিস গোস্বামী, আলতাব হোসেন,আবরার আলম, লতিফুর রহমান, তন্ময় দাস, ইমদাদুল ইসলাম, ওবাইদুর রহমান, কামরুল ইসলাম, সঞ্জয় দাস,সালাউদ্দিন আনসারী,ফিরোজ হোসেন,মিঠু সেখ, জাহাঙ্গীর আলম, রফিকুল আলম,মহম্মদ মনিরুদ্দিন, সফিউর রহমান,সানাউল সেখ, অনুপ সাহা,আশিস দাস,শাহিন শারোয়ার হোসেন,মহম্মদ আসাদুল্লাহ প্রমুখ। এদের মধ্যে কেউ ডাক্তার,কেউ ইঞ্জিনিয়ার,কেউ শিক্ষক,কেউ অধ্যাপক,কেউ পুলিশ কনস্টেবল,কেউ ব্যাবসায়ী,কেউ আবার সরকারি কর্মচারী। তাদের সকলের মধ্যে একটাই মিল রয়েছে।আর তা হলো সকলেই অর্জুনপুর হাইস্কুলের প্রাক্তনী।এমন শতাধিক প্রাক্তনীর সমবেত প্রচেষ্টায় সংগৃহীত লক্ষাধিক টাকা অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হল রবিবার ও সোমবার। অর্জুনপুর হাইস্কুলের বাংলার শিক্ষক তথা প্রাক্তনী ফারুক আবদুল্লাহ বলেন,'দুর্দিনে মানুষের মুখের হাসি যৎসামান্য হলেও ফিরিয়ে দেওয়ার প্রয়াস আমরা রেখেছিলাম। আমাদের সেই স্বপ্ন ও ইচ্ছাকে বাস্তবে রূপদান করতে পেরে খুবই ভালো লাগছে।' অপরদিকে 'অর্জুনপুর হাইস্কুল অ্যালামনি অ্যাসোসিয়েশন' হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির মূল কারিগর মহম্মদ জুয়েল বিশ্বাস জানান,'মানুষ মানুষের জন্য'-এই আপ্তবাক্যটি স্মরণে রেখে গ্রুপের যাত্রা শুরু করি।আমাদের প্রথম প্রচেষ্টাতেই ২৭০ টি দুঃস্থ পরিবারের মুখে কিছুটা হাসি ফেরাতে পেরে গর্বিত ও আনন্দিত।'এই মহতী উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি আগামীদিনে সর্বতোভাবে এই গ্রুপের পাশে থাকার আশ্বাস দিয়েছেন আরেক প্রাক্তনী তথা জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ আবুল হাসনাত খান।-ফরাক্কা সংবাদ